নজরুলবর্ষ উপলক্ষে পিরোজপুরে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পিরোজপুরে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সোমবার সকাল ১০টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সোহরাব হোসাইন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, সরকারি সোহরাওয়ার্দী কলেজের প্রভাষক ও নজরুল গবেষক রাহিলা খাতুন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ ঘটাতে এবং সুস্থ ধারা ও চেতনার সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করতে এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতীয় কবির সাম্য ও মানবতাবাদী ভাবধারা শিক্ষার্থীদের ধারণ করার আহ্বান জানান তারা।
উদ্বোধনী পর্বে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক এবং নানা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মূল সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়।
