নির্মানাধীন বিদ্যুৎ সাবস্টেশন গ্রিডে বালু ভরাট
পিরোজপুরে চাঁদাবাজির মামলায় ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের সভাপতিসহ ৪জন গ্রেফতার
পিরোজপুরে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও কদমতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম শেখ (৫২) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ (২৭)সহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রবিবার এদেরকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ। এরমধ্যে রবিবার সাড়ে ১২টার দিকে আব্দুস সালামকে ঢাকার কেরানীগঞ্জ থেকে এবং অপর তিনজনকে পিরোজপুরের কদমতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত অন্য দুইজন হলেন- কদমতলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু শেখ (৩২) এবং ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আশরাফুল।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, একটি চাঁদাবাজির মামলায় আব্দুস সালাম শেখকে ঢাকা থেকে এবং অপর তিনজনকে পিরোজপুরের কদমতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে চাঁদা দাবির অভিযোগে পিরোজপুর শহরের কুমারখালী এলাকার মো. জাকির হোসেন বাদী হয়ে রবিবার পিরোজপুর সদর থানায় একটি মামলাটি করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার কদমতলা গ্রামে নির্মাণাধীন বিদ্যুৎ সাবস্টেশন গ্রিডে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বালু ভরাটের কাজের চুক্তি করেন জাকির হোসেন। গত ১৩ আগস্ট থেকে তিনি সেখানে বালু ফেলার কাজ শুরু করেন। কাজ শুরুর পর ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম শেখ বালুর ঠিকাদার জাকিরকে তার (সালাস) সঙ্গে অংশীদার করার জন্য চাপ দেয়। এতে রাজি না হলে প্রতি সিএফটি বালু ফেলার জন্য এক টাকা করে জাকিরের কাছে চাঁদা দাবি করে সালাম। জাকির এতে রাজি না হওয়ায় সালাম শেখ ও তার সহযোগীরা কদমতলা থেকে গ্যানোসা পর্যন্ত প্রায় এক কিলোমিটার বালু পরিবহনের পাইপলাইন ক্ষতিগ্রস্ত করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে জাকিরের আনুমানিক দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় রবিবার আব্দুস সালাম শেখসহ ৬জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে পিরোজপুর সদর থানায় মামলা করেন জাকির হোসেন। পরে পুলিশ সালাম শেখকে ঢাকা থেকে এবং অভিযুক্ত আরও তিনজনকে পিরোজপুরের কদমতলা এলাকা থেকে গ্রেফতার করে।
