পিরোজপুরে চুরি হওয়া ২৯ মোবাইল উদ্ধার : ৪ প্রতারক আটক
পিরোজপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া ২৯টি মোবাইল ফোন এবং ২৬ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া ৩টি ফেক ফেসবুক একাউন্ট শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধার করা মোবাইল ফোন তাদের মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য দেন পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের (পিপিএম)।
পিরোজপুর জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া শাখার সদস্যরা জেলার বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করেন। অভিযানে নাজিরপুর, ভান্ডারিয়া, নেছারাবাদ, ইন্দুরকানী, মঠবাড়িয়া ও কাউখালী থানার এলাকাগুলো থেকে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অন্যদিকে, মঙ্গলবার ভান্ডারিয়া উপজেলার গোলাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিস ডেলিভারিম্যান সেজে মোবাইল ও টাকা হাতিয়ে নিচ্ছিল। এ সময় তাদের কাছ থেকে ২৬ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়।
জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এবং সাইবার টিমের সদস্যদের সহায়তায় প্রতারকদের শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের।
ভুক্তভোগীরা তাদের হারানো মোবাইল ও টাকা ফিরে পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
