জুলাই শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য : পুলিশ কনস্টেবল ক্লোজ
জুলাই শহীদ আবু সাঈদ এর মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় পিরোজপুরে এক পুলিশ কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে ক্লোজ করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে জেলা জজ আদালতের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই পুলিশ কনস্টেবলের নাম মাসুদ রেজা। তিনি পিরোজপুর জেলা আদালতে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম।
জানা গেছে, বুধবার গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা সমাবেশে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখে পুলিশ কনস্টেবল মাসুদ রেজা জুলাই শহীদ আবু সাঈদের মাকে নিয়ে অশ্লীল মন্তব্য করেন। এসময় স্থানীয় জনতা ওই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পিরোজপুর থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসেন। এ ঘটনায় রাতেই পিরোজপুর পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের উক্ত পুলিশ কনস্টেবলকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, অভিযুক্ত পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইনে সংযুক্তি করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পিরোজপুর পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে রাতেই ক্লোজ করে পুলিশ লাইনে আনা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
