খালে ময়লা ফেলায় দুই পরিবারকে জরিমানা
পিরোজপুর শহরের সদ্য সংস্কারকৃত ও অবৈধ দখলমুক্ত ভাড়ানী খালে ময়লা ফেলার অপরাধে দুই পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার এ অভিযান পারচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আল আমীন।
অভিযানে স্থানীয় পরিবেশ সচেতন সংগঠন ‘পজেটিভ পিরোজপুর’ এর স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভাড়ানী খালের দুই পাশের দখলমুক্ত ও খালটি সংস্কারের মাধ্যমে প্রাকৃতিক পানি প্রবাহ ফিরিয়ে আনার কাজ চলছে।পিরোজপুর জেলা প্রশাসনের তত্ত¡াবধানে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় গত ২ মে থেকে শুরু হয়েছে খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম।
দুই কিলোমিটার দীর্ঘ ও গড়ে ২০ থেকে ২২ ফুট প্রস্থের খালটির দুই পাশে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছিল নানা অবৈধ স্থাপনা। এতে খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গিয়ে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল। বর্তমানে খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলে খালটি সংস্কার করার ফলে খালটি অনেকাংশে আগের চেহারা ফিরে পাচ্ছে।
অভিযানের সময় উপস্থিত জনসাধারণকে সতর্ক করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আল আমীন বলেন, ভাড়ানী খাল খনন কার্যক্রমের ফলে শহরের সৌন্দর্য বাড়াবে, পাশাপাশি জলাবদ্ধতা নিরসনেও বড় ভূমিকা রাখবে। কিন্তু খালে ময়লা ফেললে পুরো প্রকল্পটাই বিফলে যেতে পারে। তাই সবাইকে সচেতন হতে হবে। ভবিষ্যতে কেউ খালে ময়লা ফেললে নিয়মিত অভিযান পরিচালনা করে জরিমানা করা হবে।
