পিরোজপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের ঈদোত্তর মতবিনিময়
পিরোজপুর সাংবাদিকদের সাথে ঈদোত্তর মতবিনিময় করেছেন পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের। শুক্রবার রাতে পিরোজপুর প্রেসক্লাব মিলায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম।
মতবিনিময় সভায় পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে কাজ করে থাকে। পিরোজপুরের সাংবাদিকরা সব সময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যা দেশের জেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য একটা উদাহরণ হতে পারে। অন্যায় ও অপরাধ নির্মূলে পিরোজপুরের পুলিশ ও সাংবাদিকরা এক সাথে কাজ করে করবে।
এসময় তিনি বলেন, পিরোজপুরে নববর্ষ উদযাপনের কর্মসূচিতে আইন শৃংখলা বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আইন শৃংখলা বিনষ্টকারী ব্যক্তি বা নাশকতাকারীকে কঠোর হাতে দমন করা হবে। বর্ষবরণ অনুষ্ঠানে, বৈশাখী মেলায় কোন প্রকার নাশকতা করার চেষ্টা করা হলে পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিবে।
