আওয়ামী আমলের গুম, খুন, অত্যাচারের প্রতিবাদ ও অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেনের বিচারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন
ফ্যাসিবাদী আওয়ামী আমলে গুম, খুন, নির্যাতনের প্রতিবাদে এবং ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের দায়ে ওএসডি হওয়া অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন এবং তার পরিবারের সদস্যদের ভূমি দখল, সরকারি সম্পত্তিতে ইটভাটা স্থাপন, ঠিকাদারী সিন্ডিকেটসহ নানা অপকর্মের বিচারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের টাউন ক্লাবের সড়কে ভূক্তভোগী ও সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধনে কর্মসূচি পালিত হয়।
ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, হয়রানি-নির্যাতনের শিকার পিরোজপুর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ রনি, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রহিম আকন রেজা, মো. হাফিজ, মো. রুস্তুম, ইসমাইল হোসেন ও মো. রফিকুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের গণহত্যার সহযোগী, পলাতক সাবেক আইজিপি বেনজীরের নিকটতম আত্মীয় ওএসডি হওয়া অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন। তিনি গুম, খুন, অত্যাচার, ভোট চুরি, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। মারুফ হোসেনের পরিবারের সদস্যরা ভূমি দখল, জনমানবের ক্ষতিসাধন করে সরকারি সম্পত্তিতে একাধিক ইটভাটা স্থাপন, ঠিকাদারী সিন্ডিকেটের মাধ্যমে কাজ বাগিয়ে নেওয়া, সদর থানার সাবেক ওসি আবিরের মাধ্যমে বিএনপির নেতা কর্মী ও সাধারণ মানুষকে নির্যাতন এবং হয়রানী করেছেন।
ক্ষমতার দাপট খাটিয়ে বিভিন্ন পদে নিয়োগ, বদলির জন্য ঘুষ বাণিজ্য এবং প্রতারণার মাধ্যমে বহু মানুষের কাজ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ করেন বক্তারা। তারা বলেন, অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেনের ভাইয়েরা আওয়ামী আমলের সকল পর্যায়ে নির্বাচনে পিরোজপুর জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পক্ষ হয়ে ভোট ডাকাতিতে সরাসরি অংশ গ্রহণ করেছেন। তারা অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেনের চাকুরিচ্যুতসহ তার বিচারের দাবি জানান।
