সুন্দরবনের হান্নান বাহিনীর ৭ জলদস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড
বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের বিশেষ অভিযানে সুন্দরবনের জলদস্যু হান্নান বাহিনীর ৭ সদস্য আটক হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার অনিক মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় হান্নান বাহিনী নামক সক্রিয় ডাকাত দল অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি, অপহরণ, ভয়-ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলো। বৃহস্পতিবার রাতে হান্নান বাহিনী সুন্দরবনে ডাকাতির উদ্দেশ্যে গমন করবে বলে জানা যায়। এ খবর পেয়ে রাতভর কোস্টগার্ড বাগেরহাটের রামপাল খেয়াঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে হান্নান বাহিনীর প্রধান মো. হান্নান শেখ এবং তার ৫ সহযোগীকে আটক করা হয়। পরবর্তীতে ডাকাত দলের সর্দার হান্নানকে জিজ্ঞাসাবাদ করে তার আরেক সহযোগী মো. হাবিবুর রহমানকে ২টি এক নলা বন্দুক, ৩ টি রামদাসহ রামপাল থানাধীন বাঁশতলী এলাকা থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, হান্নান বাহিনীর সদস্যদের মাসিক ৪০ হাজার টাকা প্রদান করা হয়। আটককৃত ডাকাত দলের সদস্য মো. হান্নান শেখ (৬৫), মো. রেজাউল শেখ (৫৩), শেখ মো. কামাল উদ্দিন (৫৪), সুরত মল্লিক (৪৭), মো. আবু তালেব খান (৪৭), মো. হোসেন আলী শেখ (৫৫) এবং মো. হাবিবুর রহমান (৫৫) খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা। জব্দকৃত অস্ত্রসহ আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
