স্বরূপকাঠীতে অপহরণ চেষ্টার অভিযোগে কথিত প্রেমিক গ্রেফতার
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) এক মাদ্রাসা ছাত্রীকে মাদ্রাসা থেকে জোরপূর্বক তুলে নেয়ার চেষ্টার অভিযোগে সিফাত (২১), মো. মারফ, মো. হৃদয় নামে তিন যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ওই ছাত্রীর পিতা।
রবিবার রাতে ছাত্রীর পিতা মো. গাজী আনোয়ার হোসেন বাদী হয়ে নেছারাবাদ থানায় মামলাটি দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ মামলার প্রধান আসামী মো. সিফাত হোসেনকে গ্রেফতার করে পিরোজপুর আদালতে পাঠিয়েছে। তারা দু’জনেই উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের বাসিন্দা।
শিক্ষার্থীর বাবার দেয়া অভিযোগের ভিত্তিতে জানা যায়, ওই শিক্ষার্থী মাদ্রাসায় যাওয়ার সময় সিফাত রাস্তা ঘাটে সব সময় বিরক্ত করতো। ঘটনার দিন সিফাত পূর্ব পরিকল্পিতভাবে লোকজন নিয়ে মাদ্রাসার সামনে অবস্থান করছিল। মাদ্রাসার সামনে গিয়ে সাথে থাকা বন্ধুদের মাধ্যমে ওই ছাত্রীকে ডেকে বাইরে বের করে। ছাত্রীটি বাইরে গেলে তাকে মারধর করে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। একপর্যায়ে স্থানীয়রা বিষয়টি দেখে সবাই মিলে ওই যুবকদের আটকানোর চেষ্টা করলে সিফাতের সাথে থাকা দুই বন্ধু পালিয়ে যায়। তাই মেয়েকে অপহরণ চেষ্টার কারণে তিনি মামলাটি দায়ের করেছেন।
আসামী সিফাতের বাবা মিন্টু মিয়া বলেন, আমি দিন মজুর মানুষ। কাজবাজ করে খাই। কি ঘটেছিল আমি জানিনা। তবে যতদূর জানি ওই মেয়ের সাথে তার ছেলের প্রেমের সখ্যতা রয়েছে। সেই প্রেমের সুবাধে ওইদিন তার ছেলে মেয়েটির সাথে কথা বলতে গিয়েছিল।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন জানান, খবর পেয়ে মাদ্রাসায় পুলিশ পাঠিয়েছিলাম। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। শিক্ষার্থী বাবার অভিযোগের ভিত্তিতে একটি অপহরণ মামলা রুজু করা হয়েছে। আসামীকে সকালে কোর্টে পাঠানো হয়েছে।
