ইসলামের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. সামছুল আলম বলেছেন, ইসলামের স্বার্থে আমাদের এক থাকতে হবে ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে মাসলাকের যত পার্থক্য থাকুক না কেন দিন শেষে আমাদেরকে জাতির স্বার্থে এক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। এ ব্যাপারে কোনো প্রকার শৈথিল্য প্রদর্শন করলে চলবেন না। মাদ্রাসা শিক্ষকরা যথাযথ ভ‚মিকা রাখলেই এই দেশটিকে ইসলামের আলোকে গঠন করা যাবে।
শনিবার পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশন মিলনায়তনে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান এবং স্থানীয় ফাজিল ও কামিল মাদ্রাসা অধ্যক্ষদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টগড়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহিল মাহমুদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় ভিসি ড. সামছুল আলম শিক্ষকদের দক্ষতা যোগ্যতার বিষয়ে জোর দিয়ে আরও বলেন, সকল শিক্ষককে ছাত্র-ছাত্রীরা সমানভাবে মেনে নেয় না। কোন কোন শিক্ষকের ক্লাশ করার জন্য ছাত্র-ছাত্রীরা অনেক দূর থেকে ছুটে আসে, আবার অনেক শিক্ষকের ক্লাসে ছাত্র-ছাত্রী উপস্থিত থাকে না। ছাত্র-ছাত্রীদের ভালোবাসা অর্জন অনেক বড় ব্যাপার, এটা অনেক বড় এক সম্মানের ব্যাপার।
তিনি বলেন, শাসন দিয়ে যে কাজ না হয়, মমতা দিয়ে তার চেয়ে বেশি কাজ হয়। আপনারা ছাত্র-ছাত্রীদেরকে মমতা দিয়ে ভালবাসা দিয়ে আগামী দিনে সোনা করে হিসাবে গড়ে তুলুন।
তিনি ৫ আগস্ট এর পরিবর্তিত প্রেক্ষাপটে বলেন, আমরা বর্তমান ছাত্র-ছাত্রীদের প্রতি হতাশ হয়ে পড়েছিলাম, কিন্তু আন্দোলন পরবর্তী আমাদের চিন্তা বদলে গিয়েছে। এই ছাত্র-ছাত্রীদের দিয়েই যে দেশ গড়া যাবে সেই ব্যাপারে আমারা আশাবাদী হয়ে উঠেছি। তিনি বলেন, এবারের আন্দোলনের বেশির ভাগ ছাত্র-ছাত্রীরা নামাজি ছিল, এটি একটি বিশেষ দিক।
ভিসি বলেন, মাদ্রাসা শিক্ষায় অনেক অনেক অনিয়ম দুর্নীতি আছে। আমরা এগুলো দূর করতে একটি টিম হয়ে কাজ করছি। পৃথিবীতে যেসব দেশের শিক্ষায় বাজেট কম তার মধ্যে অন্যতম বাংলাদেশ। আমাদের শিক্ষায় সবচেয়ে কম বাজেট।
তিনি আরও বলেন, চাকরি-বাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে বিগত সরকার মাদদ্রসার ছাত্রদের সাথে ভালো ব্যবহার করেনি, অপমান অপদস্থ করেছে। আমরা এসব সমস্যাগুলো দূর করার জন্য কাজ করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাহমুদ বিন সাঈদ, প্রফেসর জিয়াউর রহমান, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।
