স্বরূপকাঠীর ছারছীনায় বৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সন্ধ্যা নদীর তীর ঘেষে বিশ্ব ঐতিহাসিক ছারছীনা দরবারের ১৩৪তম বার্ষিক ইছালে সওয়াব মাহফিলের ময়দানে বৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল থেকেই এ জামাতে অংশ নিতে ছারছীনার বিশাল মাহফিল ময়দানে মুসল্লিদের ঢল নামে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লিসহ পিরোজপুর ও পাশ্ববর্তী আশপাশের কয়েকটি জেলার মুসল্লিরা জুমার নামাজে অংশ নেয়।
জুমার নামাজে অংশ নিতে মাহফিল ময়দানের আশপাশের বিভিন্ন সড়ক, ফুটপাত ও খালি জায়গায় অবস্থান নেয় কয়েক লাখ মুসল্লি। এছাড়া অনেকে নামাজের জন্য উপরে জায়গা না পেয়ে নৌকা, গাড়ির ছাদে পাটি, পলিথিন, চট ও পত্রিকা বিছিয়ে নামাজে অংশ নেয়।
এর আগে বৃহস্পতিবার মাগরিব নামাজবাদ উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে ছারছীনার তিন দিনব্যাপী মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়।
ছারছীনা দরবারের পীর ছাহেব জিকিরের তা’লীম, কুরআন তেলাওয়াত, হামদ-না’ত ও উদ্বোধনী আলোচনার মাধ্যমে তিন দিনব্যাপী ওই বার্ষিক মাহফিল শুরু করেন।
আগামী ১ ডিসেম্বর রবিবার যোহর নামাজবাদ দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার সার্বিক কল্যাণ কামনা করে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে।
