হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকল ধর্মের মধ্যে সমতা রেখে সমাজকে নতুন করে নির্মান করতে হবে : যুবদল সভাপতি মোনায়েম মুন্না
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান যে যেই ধর্মের হোক না কেনো আমাদের মধ্যে সমতা রেখে আমাদের এ সমাজকে নতুন করে নির্মাণ করতে হবে। আমাদের সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। আপনারা মনে রাখবেন সংগঠন বর্হিভূত কোন কাজ সংগঠন গ্রহণ করছে না।
শুক্রবার বিকেলে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমীতে সাম্য ও মানবিক সমাজ বির্নিমানে দিক নির্দেশনামূলক যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশ নায়ক তারেক রহমান আজ প্রায় ১৭ বছর দেশের বাইরে অবস্থান করছে, আমরা তাকে দেশে ফিরিয়ে আনতে চাই। সে ক্ষেত্রে আমাদের আরো সাংগঠনিক দক্ষতা বাড়াতে হবে। দেশ নায়ক তারেক রহমানের একটি স্পষ্ট ম্যাসেজ আপনাদের দিতে বলেছেন- যে আমরা হিন্দু-মুসলমান-খ্রিস্টান-বৌদ্ধ সকলে মিলে মিশে এ দেশটাকে গড়ে তুলবো। সবাই মিলে মিশে একসাথে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠু’র সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লা হোসেন তারেক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নাসির উদ্দিন মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পি।
সভায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
