দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দাবীতে পিরোজপুরে কমিউনিস্ট পার্টির সমাবেশ
দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ, রেশনিং ব্যবস্থা চালু, সিন্ডিকেট ব্যবস্থা ভাঙ্গাসহ জনজীবনে শান্তি ফিরিয়ে এনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দাবীতে সমাবেশ করেছে পিরোজপুর জেলা কমিউনিস্ট পার্টি।
শনিবার শহরের টাউন ক্লাব সড়কে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি (ভারপ্রাপ্ত) ডা. তপন বসুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সাধারণ সম্পাদক ইখতিয়ার হোসেন পান্না, অ্যাডভোকেট পরিতোষ সমাদ্দর, কৃষ্ণ লাল গুহ, স্বপন কুমার চক্রবর্তী, অ্যাডভোকেট বাহাদুর হোসেন, নুহু মিয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন, এক স্বৈরশাসককে বিতারিত করে আমরা অন্য কোন স্বৈরশাসককে নতুন করে দেখতে চাই না। তারা বলেন, ক্ষমতা নেয়ার ২ মাসের বেশি সময় অতিবাহিত হলেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য লাগামহীন গতিতে বেড়েই চলছে। অবিলম্বে দ্রব্যমুল্যের লাগামহীন উর্ধ্বগতি রোধ করে সারা দেশে সর্বস্তরে রেশনিং ব্যবস্থা চালু, লুটপাট-দখল দারিত্ব বন্ধ করাসহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবী জানান তারা।
