পিরোজপুরে র্যাবের অভিযান
অস্ত্র ও গুলিসহ সাবেক ছাত্রলীগ নেতা সোহাগ সিকদার গ্রেফতার
পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. সোহাগ সিকদারকে (৩১) গ্রেফতার করেছে বরিশাল র্যাব-৮। গ্রেফতারকৃত সোহাগ পিরোজপুর পৌরসভার কুমারখালী এলাকার মো. শাহাদাৎ সিকদারের ছেলে। সে পিরোজপুরের একজন শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। বুধবার বিকেলে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে পিরোজপুর সদর থানায় সোপর্দ করেছে র্যাব।
র্যাব-৮ এর এক প্রেসবিজ্ঞতিতে জানানো হয়, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে র্যাবের একটি আভিযানিক দল পিরোজপুর সদর থানাধীন নামাজপুর গ্রামে অভিযান পরিচালনা করে সোহাগ সিকদারকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত সোহাগের বিরুদ্ধে পিরোজপুর জেলার বিভিন্ন থানায় অপহরণ, সন্ত্রাস, দস্যুতা, মাদক, চুরি, মারামারি ও নাশকতার অপরাধে ১৭টি মামলা রয়েছে।
গত জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে পিরোজপুর জেলা শহরের একাধিক স্থানে সোহাগ সিকদার প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিলে নেতৃত্ব দিয়ে ছাত্র-জনতার উপর চড়াও হয় বলেও জানায় র্যাব-৮।
