প্রধান সূচি

বাগেরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত-৪

বাগেরহাটে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে ইজিবাইকের ৪ যাত্রী নিহত ও দুইজন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় খুলনাগামী একটি পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ইজিবাইকে থাকা ৪ জন নিহত এবং একজন আহত হয়েছেন।
নিহতের মধ্যে ৩ জনের নাম পাওয়া গেছে। এরা হলেন, শওকত (৪০), মাসুম (৩০) ও নিপা (২৮)। এদের মধ্যে নিপার বাড়ি বাগেরহাট সদর উপজেলায়, তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। অন্যদের ঠিকানা পাওয়া যায়নি।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক তানভির ইসলাম অনিক বলেন, সড়ক দূর্ঘটনায় তিনজনকে মৃত এবং দুইজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আহত দুইজন হিরণ শেখ (৩৫) এবং অজ্ঞাত এক ব্যক্তিকে আমরা খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছি। এদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।
কাটাখালি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল হক বলেন, সংঘর্ষের পরই পিকআপটি পালিয়েছে। ঘটনাস্থলে ইজিবাইকের ৩ জন মারা গেছে। আহত দুইজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। শুনিছি তাদের মধ্যেও একজন মারা গেছে। নিহত তিনজনের মরদেহ কাটাখালি হাইওয়ে থানায় রয়েছে। পিকআপটিকে শনাক্তের কাজ চলছে বলে জানান তিনি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial