পিরোজপুরে কৃষকদের মাঝে নারিকেল চারা, উফশী ধানের বীজ ও সার বিতরণ
পিরোজপুরে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেল চারা, উফশী আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের প্রণোদনা কর্মসূচির আওতায় রবিবার পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়াতনে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম বায়জীদ হোসেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ মুর্শেদ মিশু.র সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন শানু, উপজেলা কৃষি অফিসার শিপন কুমার ঘোষ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এক ইঞ্চি জমিও যাতে পতিত না থাকে সে লক্ষ্যে দেশবাসীর প্রতি আহŸান জানিয়েছেন। তাই আমরা যে যা পারি তেমনিভাবে গাছ লাগাতে হবে।
পিরোজপুর সদর উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১ হাজার ১শ’ জন কৃষকের মাঝে প্রত্যেককে ৫টি করে দেশীয় জাতের উন্নতমানের নারিকেল চারা প্রদান করা হয়। এছাড়া ৩ হাজার ৫৫০ জন আমন চাষীর প্রত্যেককে ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিওপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
