পরিবহনের ধাক্কায় প্রাণ গেল বিদ্যালয়ের অফিস সহকারীর
বাগেরহাটের ফকিরহাটে ঢাকাগামী পরিবহনের ধাক্কায় শেখ জামির আলী (৫০) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। সৈয়দ মহল্লা খোদেজা খাতুন সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন। রবিবার বেলা ১১টার দিকে ফকিরহাট আরা পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শেখ জামির আলী উপজেলার আট্টাকী গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে। ফকিরহাট ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে জামির আলী ফকিরহাট আরা পাম্প থেকে তেল নিয়ে মোটর সাইকেলযোগে খুলনার উদ্দেশ্যে রওনা দেন। পাম্প থেকে বের হলে খুলনাগামী গ্রীন লাইন নামে একটি পরিবহন তাকে সাজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুত্বর আহত অবস্থায় জামির আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পর পরিরবহনটি পালিয়ে যায়।
ফকিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. মনিরুজ্জামান জানান, ওই ব্যক্তি পাম্প থেকে মোটর সাইকেলে তেল নিয়ে খুলনার উদ্দেশ্যে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ফকিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম জানান, মরদেহ পুলিশ হেফাজতে নিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
