আজ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস
আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী। আজ জাতীয় শিশু দিবস। দিবসটি পালন উপলক্ষে সারাদেশের ন্যায় পিরোজপুরেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এই দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসাবেও উদযাপিত হয়। দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী ও জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
১৭ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, বেসরকারী ভবন ও স্ব স্ব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ১০টায় শহরের সিও অফিস মোড়ের বঙ্গবন্ধু চত্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
বাদ জুম্মা ও সুবিধামত সময়ে মসজিদ এবং মন্দিরে বিশেষ প্রার্থনা। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন জেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচি পালন করবে।
