স্ত্রীর সাথে ঝগড়া করে নিখোঁজ : লাশ মিললো পেয়ারা বাগানে
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় স্ত্রীর সাথে ঝগড়া করে বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার ৬দিন পরে স্বামীর ঝুলন্ত লাশ পাওয়া গেল বাড়ীর পাশে পেয়ারা বাগানে।
শনিবার সকালে স্থানীয় সজল নামে এক ব্যক্তি পেয়ারা পারতে গিয়ে লাশটি দেখতে পেয়ে ডাক চিৎকার দেন। ঘটনাটি ঘটেছে উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের ধলহার গ্রামের ৭নং ওয়ার্ডে। নিহত ওই ব্যক্তির নাম শুভ মিস্ত্রী (২২)। তিনি ওই গ্রামের মৃত মধূ সুদন মিস্ত্রীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য ভবতোষ জানান, শুভ মিস্ত্রী গত ২১ আগষ্ট বাড়ী থেকে রাগারাগি করে বের হয়ে যায়। তিন দিনেও সে বাড়ী ফিরছিল না। এসময় তার স্ত্রীও রাগ করে বাবার বাড়ী চলে যায়। শুভ মিস্ত্রীর বৃদ্ধ মা নিরুপায় হয়ে ছেলে নিখোঁজের ব্যাপারে স্থানীয় থানায় একটি সাধারন ডায়েরি করেন। শনিবার সকালে স্থানীয় সজল নামে এক ব্যক্তি পেয়ারা পারতে গিয়ে লাশ দেখতে পেয়ে চিৎকার দেন। প্রতিবেশিরা ছুটে এসে লাশটি শুভ মিস্ত্রীর বলে শনাক্ত করেন। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নেছারাবাদ থানার অফিসার ওসি মো. জাফর আহমেদ জানান, লোকটি স্ত্রীর সাথে ঝগড়া করে গত ৬দিন পূর্বে বাসা থেকে বের হয়ে যান। শনিবার সকালে স্থানীয়রা পেয়ারা বাগানে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
