স্বরূপকাঠীতে ডেঙ্গু রোগে শ্রমজীবি নারীর মৃত্যু
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আসমা বেগম(৩৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত আছমা উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারি গ্রামের মাসুম মিয়ার স্ত্রী। শনিবার সন্ধ্যায় নেছারাবাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আসমার ঘরে একটি ৬ বছরের শিশু সন্তান রয়েছে।
এদিকে, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ২২ জন রোগী ভর্তি হয়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে ৬০ জন রোগী ডেঙ্গু রোগ নিয়ে ভর্তি আছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় ৩০ জন রোগী চিকিৎসা নিয়ে বাড়ী ফিরেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিনই ডেঙ্গু নিয়ে হাসপাতালে রোগী ভর্তি হচ্ছেন। এদের মধ্যে শ্রমজীবি লোকোর সংখ্যা বেশি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া জানান, শনিবার ডেঙ্গু নিয়ে এক নারী ভর্তি হয়েছেন। তার মুমুর্ষ অবস্থা দেখে বরিশালে রেফার করা হয়েছিল। তারা যেতে পারেননি। সন্ধ্যায় ওই নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তিনি আরো বলেন, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ২২ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে ৬০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া ৩০ জন রোগী চিকিৎসা নিয়ে বাড়ী ফিরেছেন।
