পিরোজপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন
ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষ্যে পিরোজপুরের জেলা প্রশাসনের আয়োজনে সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার সকালে পিরোজপুর সদর উপজেলা ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এই প্রতিপাদ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রমাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. আমিনুল ইসলাম।
সভায় আরও বক্তব্য রাখেন, জেলা রেজিষ্ট্রার মো. আব্দুল কুদ্দুস, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তানভীর আহমেদ এবং সেবা গ্রহিতা মো. আব্দুল খালেক।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নামজারী, স্মার্ট ভূমি উন্নয়ন কর, স্মার্ট ভূমি রেকর্ড, স্মার্ট ভূমি নকশা, স্মার্ট ভূমি পিডিয়া প্রবর্তন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ভূমি সেবায় এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বঙ্গবন্ধুই স্বাধীনতার পর ১৯৭২ সালে ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করে দিয়েছিলেন। একক নামে অথবা কোন পরিবারের একশত বিঘার অধিক জমি থাকলে তা সরকারের মালিকানায় নিয়ে ভূমিহীনদের মাঝে বিতরণের ব্যবস্থা করেছিলেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাখ লাখ ভূমিহীনদের জন্য জমি দিয়ে ঘর তৈরী করে দিচ্ছেন। সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন প্রধানমন্ত্রী বলেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা জনগণের সেবক- সে কথাটি মনে রেখে সেবা নিতে আসা মানুষদের যথাসম্ভব সবকিছু করতে হবে।
