ভান্ডারিয়ায় যুবলীগ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়ায় জেলা যুবলীগ সাধারণ সম্পাদকের ক্ষোভ ও নিন্দা প্রকাশ
পিরোজপুরের ভান্ডারিয়ায় যুবলীগ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়ায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন পিরোজপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী।
আজ বুধবার তিনি এক বিবৃতিতে ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলেন, পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতীয় পার্টি-জেপি (মঞ্জু) নেতাকর্মী কর্তৃক গত ১৭ এপ্রিল রাতে ভান্ডারিয়ায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর এবং আওয়ামী লীগ-যুবলীগ নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে। এ ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টায় পরবর্তীতে উল্টোভাবে ঘটনার ৮ দিন পর গত ২০ এপ্রিল ভান্ডারিয়া থানায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের আসামী করে একটি মিথ্যা মামলা দায়ের করে ভান্ডারিয়ায় জাতীয় পার্টি (মঞ্জু)।
তিনি বিবৃতিতে আরো বলেন, ভান্ডারিয়ার আওয়ামী লীগ নেতা ও তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুদ্দিন হাওলাদার, ভান্ডারিয়া উপজেলা যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩২ জন নেতাকর্মীকে আসামী করে ভান্ডারিয়ার থানায় একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এই মামলা অবিলম্বে প্রত্যাহারের করতে হবে। এছাড়া তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
