পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে ৩ জন ॥ অন্যগুলোতে একক প্রার্থী
পিরোজপুর প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে ৩ জনসহ ১৯টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র বাছাই শেষে বুধবার সন্ধ্যায় দাখিলকৃত ২১জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন প্রেসক্লাব নির্বাচন-২০২৩ এর নির্বাচন কমিশনার এবং পিরোজপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ। আগামী ৩১ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে সভাপতি পদ ছাড়া অন্য ১৮টি পদে একক প্রার্থী রয়েছেন। সেক্ষেত্রে শুধুমাত্র সভাপতি পদেই নির্বাচন হচ্ছে।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিউল হক মিঠু, সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু এবং সাবেক সহ-সভাপতি খালিদ আবু।
একক প্রার্থী হিসেবে আছেন- সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, সহ-সভাপতির দুটি পদে রয়েছেন ইমাম হোসেন মাসুদ ও খেলাফত হোসেন খসরু, সহ-সাধারণ সম্পাদক পদে জিয়াউল হক, কোষাধ্যক্ষ মো. হাসিবুল হাসান, দপ্তর ও পরিসম্পদ সম্পাদক মো. তামিম সরদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিপঙ্কর মাতা মিন্টু, ক্রীড়া সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন, তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক শেখ আবু মোহাঃ জুবায়ের জনি। এছাড়া ৯টি নির্বাহী সদস্য পদে আছেন- মাহমুদ হোসেন, গৌতম চৌধুরী, এম এ রব্বানী ফিরোজ, মোস্তাফিজুর রহমান বিপ্লব, হাসান মামুন, মাহামুদুর রহমান মাসুদ, মো. হাবিবুর রহমান, ওয়াহিদ হাসান বাবু এবং অভিজিৎ মন্ডল।
