দেশকে সমৃদ্ধশালী করতে হলে খাদ্য উৎপাদন বৃদ্ধির কোন বিকল্প নেই : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশে রূপান্তরিত করতে হলে খাদ্য উৎপাদন বৃদ্ধির কোন বিকল্প নেই। এই খাদ্য উৎপাদনের মূল চালিকা শক্তি হচ্ছে এ দেশের কৃষকগণ।
শনিবার পিরোজপুরের নাজিরপুর উপজেলায় কৃষকদের মাঝে রবি শস্যের উৎপাদন বৃদ্ধির লক্ষে সরকারের বরাদ্দ করা প্রণোদনার সার, বীজও সিডড় যন্ত্র প্রদান এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সার, বীজসহ সব ধরনের কৃষি উপকরণ আজ সহজলভ্য করেছেন, কৃষকের দোর গোঁড়ায় পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছেন। শেখ হাসিনা সরকারের সময় সার চাইতে গিয়ে কাউকে গুলি খেয়ে প্রাণ দিতে হয়নি, যেটি বিএনপি জামায়াত সরকারের সময় এদেশে হয়েছিল।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের কৃষকদের সুবিধার্থে মাত্র ১০ টাকায় প্রায় ১ কোটি ব্যাংক হিসাব খুলে দেয়ার ব্যবস্থা করেছেন। এসব হিসেবে সরাসরি কৃষকের সহায়তার অর্থ চলে যায়। মধ্যস্বত্বভোগীরা এখন আর কৃষকের অর্থে ভাগ বসাতে পারে না। সার সহজলভ্য করতে কোটি কোটি টাকা ভর্তুকি দিতে হয়। বঙ্গবন্ধু কন্যা দেশ পরিচালনার দায়িত্বে আছেন বলেই পিছিয়ে থাকা জনগোষ্ঠী আজ মাথা উঁচু করে দাঁড়াতে পারছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে গাভী, ছাগল, জাল, হাস, মুরগী, ভেড়া এমনকি এসব প্রাণির খাবার এবং থাকার ঘর তৈরী করে দেয়া হচ্ছে বিনামূল্যে। লাখ লাখ ভূমিহীন, গৃহহীন মানুষের জন্য পাকা ঘর তৈরী করে দিয়ে তাদেরকে বসবাসের জন্য দেয়া হচ্ছে।
‘১ ইঞ্চি জমিও পতিত রাখা যাবে না’- প্রধানমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিতে তিনি কৃষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকার আপনাদের পাশেই রয়েছে। ফসলের উৎপাদন বৃদ্ধিতে আপনাদের ব্যাংক ঋণসহ সব ধরণের সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে। উপজেলা পরিষদের কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জিব দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা কৃষি অফিসার ইশরাত জাহান, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী।
নাজিরপুর উপজেলায় চলতি রবি মৌসুমে ২৪.২১৫ মেট্রিক টন বীজ, ৩৭.১৫ মেট্রিক টন ডিএপি সার এবং ৩১.৫০ মেট্রিক টন এমওপি সার ৮ হাজার ৫৫ জন কৃষকের মাঝে বিতরণ করা হবে।
মন্ত্রী শনিবার ২ শতাধিক কৃষকের উপস্থিতিতে ৩ জন কৃষকের হাতে এ উপকরণ প্রদান করে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। এরপর তিনি সিডড় যন্ত্র কৃষকদের হাতে তুলে দেন।
