পিরোজপুরে জাতীয় যুব দিবস পালিত
‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক শ্লোগান নিয়ে মঙ্গলবার পিরোজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় যুব দিবস-২০২২ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১০টায় এক বর্নাঢ্য র্যালী সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তর পিরোজপুরের উপ-পরিচালক অশোক কুমার সাহা, জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মো. আব্দুল কাদের, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী, যুব উন্নয়নের প্রশিক্ষণ নিয়ে সফল উদ্যোক্তাদের মধ্যে বিকাশ হাওলাদার, মো. নাঈম, হোসনে আরা বেগম।
সভায় জানানো হয়- জাতীয় যুব দিবস-২০২২ উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয় ১৩৭ জন প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তার মাঝে ৫৫ লক্ষ ৯০ হাজার টাকা ঋণ বিতরণ করেছে। পিরোজপুরে ১৬টি ট্রেডে কম্পিউটার, মৎস্যচাষ, দপ্তর বিজ্ঞান, মোটর ড্রাইভিং প্রশিক্ষন দেয়া হচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ে এ প্রশিক্ষণের সু-ব্যবস্থা রয়েছে। ন্যাশনাল সার্ভিস প্রশিক্ষণের মাধ্যমে হাজার হাজার যুবক-যুবতীদের প্রশিক্ষণ দিয়ে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকরে দেয়া হয়েছে। যুব সংগঠনগুলিকে নিয়মিত অনুদান দেয়া হচ্ছে।
