প্রধান সূচি

ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার পর পা কেটে নিল দুর্বৃত্তরা

পিরোজপুরের ভান্ডারিয়ায় মামুন হাওলাদার (৪৫) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার পর বাম পা কেটে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকালে উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মামুন হাওলাদার পাশ্ববর্তী কাউখালী উপজেলার জোলাগাতি গ্রামের মেনহাজ উদ্দীন হাওলাদারের ছেলে এবং কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার।
শিয়ালকাঠী ইউপি সচিব মো. ফিরোজ আহমেদ ও ভিটাবাড়ীয়া ইউপি সচিব মো. কাইউম জোমাদ্দার জানান, সকাল সাড়ে ১০টার দিকে ইউপি সদস্য মামুন হাওলাদার ভাড়ায়চালিত একটি মোটর সাইকেল যোগে শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদে যাচ্ছিল। পথিমধ্যে ভান্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া আজাহারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন সড়কে পৌঁছালে সন্ত্রাসীরা তার মোটর সাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে উপুর্যুপরি কুপিয়ে তার বাম পা বিচ্ছন্ন করে ফেলে এবং মুখমন্ডল থেঁতলে দেয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। পরে সন্ত্রাসীরা তার বাম পা কেটে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মোটর সাইকেল চালক সজল (৩০) গুরুতর আহত হয়। সজলকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান (পিপিএম) তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভান্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদি হাসান ঘটনাটি নিশ্চিত করে জানান, থানা পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial