স্বরূপকাঠীতে মোবাইল গেমকে কেন্দ্র করে যুবকের বুকে ছুরি মেরে আহত
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় মোবাইল গেমসের পাওনা টাকা না পেয়ে মোবাইল আটকিয়ে রাখার অপরাধে সাইফুল (২০) নামে এক যুবককে বুকে ছুরি চালিয়ে গুরুতর জখম করেছে ছাব্বির (২০) নামে এক যুবক। শনিবার রাতে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের ঘরামীবাড়ী এলাকার অটোষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছাব্বির আহত সাইফুলের প্রতিবেশি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুল ষ্ট্যান্ডের একটি দোকানের পাশে বসা ছিল। এমন সময় ছাব্বির এবং রিয়াদ নামে দুই যুবক এসে মোবাইল আটকিয়ে রাখা নিয়ে সাইফুলের সাথে তর্কে জড়ায়। এসময় ছাব্বির ধারালো ছুরি বের করে সাইফুলের বুকের বাম পাশে বসিয়ে দিয়ে তারা দৌঁড়ে পালিয়ে যায়। ছাব্বির একই এলাকার স্বরূপকাঠি পৌর শহরের ৪নং ওয়ার্ডের সিদ্দিকুর রহমানের ছেলে।
গুরুতর আহত সাইফুলকে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তার অবস্থার আরো অবনতি ঘটলে রাতেই তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
নেছারাবাদ কাউখালি থানার সিনিয়র সহকারি সার্কেল রিয়াজ হোসেন জানান, অভিযুক্ত দু’জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন।
