স্বরূপকাঠিতে বিএনপির সমাবেশ যোগদানের পথে বাধার অভিযোগ : ইট-পাটকেল নিক্ষেপ
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিসহ সকল প্রকার দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে স্বরূপকাঠিতে সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন।
বুধবার সকালে উপজেলা সদরের জগন্নাথকাঠি দক্ষিণপাড় বন্ধরে দলীয় কার্যালয়ে সমাবেশের আয়োজন করা হয়। স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম ফরিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারসম্যান মো. ওয়াহিদুজ্জামান, বিএনপি নেতা আকরামুল ইসলাম বাবুল, যুবদল নেতা মো. মাইনুল হাসান, লোকমান হোসেন প্রমুখ।
এদিকে, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনসহ বেশকিছু নেতাকর্মী ট্রলার যোগে ওই সমাবেশে যোগদান করতে যাওয়ার পথে একদল যুবক ট্রলারে ইট পাটকেল নিক্ষেপ করলে ট্রলারটি ফিরে যায়। হামলায় আহত হন পিরোজপর জেলা জাসাসের আহবায়ক জাহিদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশ্রাফুল ইসলাম স্বজল, জাসাস নেতা রিয়াজ মাহমুদ, ছাত্রদল নেতা পরাগ সরদারসহ ৩০ জন নেতাকর্মী। গুরুত্বর আহত অবস্থায় ১৫/২০ জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, হামলাকারীরা যুবলীগ ও ছাত্রলীগের সমর্থক।
এ বিষয়ে জানতে চাইলে, উপজেলা বিএনপির নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান বলেন, আমাদের বহরে একদল লোক ইট-পাটকেল নিক্ষেপ করেছে। কারা ইটপাটকেল জানতে চাইলে তিনি তা বলতে রাজি হননি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলাম বলেন, আমাদের আজকে কোন কর্মসূচি ছিলনা। আর আমাদের ছেলেরা কাউকে হামলা করেনি।
নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, সমাবেশস্থল ও আশপাশে ব্যাপক পুলিশ মোতায়ন ছিল। নির্বিঘ্নে সমাবেশ করেছে। কোন অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাইনি।
