এসএমসি’র সভাপতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অশ্লীল আচরণের অভিযোগ
পিরোজপুর সদর উপজেলার শঙ্করপাশা ইউনিয়নে ১১২নং পশ্চিম শংঙ্করপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি এডভোকেট সাইদুর রহমান টিটো’র বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, শিক্ষকদের সাথে অশ্লিল ও অশোভনীয় আচারণের অভিযোগ উঠেছে।
শনিবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক সীমা বসু এসব অভিযোগ করেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট সাইদুর রহমান টিটো বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাথে জড়িত ও পিরোজপুর জজকোর্টের আইনজীবী। তিনি প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের একটি রুমে নিজের অফিস বানিয়ে সেখানে লোকজন নিয়ে বসেন এবং নিয়মিত আড্ডা দেন। বিদ্যালয়ের যে কোন কাজের টাকা আত্মসাৎ করার চেষ্টা করেন। এছাড়াও বিভিন্ন সময়ে তিনি বিদ্যালয়ের শিক্ষিকাদের সাথে অশ্লিল ও অশোভনীয় আচারণ করে আসছেন। কোন প্রতিবাদ প্রতিবাদ করলে তিনি মামলা দেওয়ার ভয় দেখান।
সীমা বসু জানান, ২০২১ সালে ডিসেম্বর মাসের ১২ তারিখে টিটো বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেও এখনো তা রেজুলেশন আকারে পাশ হয়নি।
তিনি আরও বলেন, আমরা (শিক্ষকবৃন্দ) বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট সাইদুর রহমান টিটো’র অত্যাচার, স্বেচ্ছাচারিতা এবং শিক্ষকদের সাথে অশ্লিল অশোভনীয় আচারণের হাত থেকে মুক্তি চাই। তাকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদ থেকে অপসরনের দাবী জানাচ্ছি।
এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট সাইদুর রহমান টিটো’র সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন।
সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমীণ আক্তার, শাহনাজ আক্তার, মনিকা রানী দাস ও সুরাইয়া সাথী উপস্থিত ছিলেন।
