পিরোজপুরে আরও ৭০৯টি গৃহহীন পরিবারকে ঘর দিচ্ছেন প্রধানমন্ত্রী
মুজিব বর্ষে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে সারা দেশের মত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ জুলাই পিরোজপুর জেলার সাতটি উপজেলায় গৃহহীন ও ভুমিহীন অসহায় পরিবারের মাঝে ৭০৯টি ঘর হস্তান্তর করবেন।
মঙ্গলবার পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, ৩য় পর্যায়ের ২য় ধাপে আগামী ২১ জুলাই গৃহ হস্তান্তরের পাশাপাশি উপকারভোগীদের মাঝে দুই শতাংশ করে জমির দলিলও হস্তান্তর করা হবে। এর মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ২১৫টি, মঠবাড়িয়ায় ১০৭টি, নাজিরপুরে ৩৬টি, নেছারাবাদে ৭০টি, ইন্দুরকানীতে ৮৬টি, ভাণ্ডারিয়ায় ১৭৫টি এবং কাউখালীতে ২০টি ঘর দেয়া হবে।
প্রেসব্রিংফিং অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।
এদিকে, মঙ্গলবার বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় উপজেলাধীন ২১৫টি গৃহ প্রদান অনুষ্ঠান উপলক্ষে পৃথক একটি প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম জাহান প্রেসব্রিফিংয়ে সদর উপজেলার গৃহ প্রদান কর্মসূচি বিষয়ক বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার, উপজেলা প্রকৌশলী হরষিত সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
