নাজিরপুরে আ’লীগ সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও গঠনতন্ত্র বর্হিভূত কর্মকান্ডের অভিযোগ
পিরোজপুরের নাজিরপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, সংগঠন ও গঠনতন্ত্র বর্হিভূত কর্মকান্ড পরিচালনার অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছেন উপজেলা আওয়ামী লীগের ত্যাগী নেতৃবৃন্দ। উপজেলা সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন খানের এসব কর্মকান্ডে দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা ভেঙ্গে পড়ায় উপক্রম হয়েছে বলে অভিযোগ করেন নেতাকর্মীরা।
সোমবার দুপুরে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নির্জন কান্তি বিশ্বাস।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশরেফ হোসেন খান তার একক নেতৃত্বে প্রভাব খাটিয়ে দল পরিচালনার উদ্দেশ্য নিয়ে অদ্যাবদি পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতি নির্ধারনের জন্য কোন সভা আহবান করেননি। তিনি উপজেলা পর্যায়ে, ইউনিয়ন এমনকি ওয়ার্ড কমিটি গঠনের নামে প্রকৃত ত্যাগী আওয়ামী লীগের নেতাকর্মীদের বাদ দিয়ে বিএনপি-জামায়াতের লোকজনদেরকে পদ পদবী দিয়ে কমিটি বানানোর চেষ্টা করছেন।
সংাদিক সম্মেলনে আরও অভিযোগ করা হয়- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খান একসময় জাতীয় পার্টির নাজিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। স্বৈরাচারি এরশাদ সরকারের আমলে তার নেতৃত্বে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের উপর পুলিশ এবং জাতীয় পার্টির পেটোয়া বাহিনী দিয়ে নির্যাতন করা হয়েছিল। বর্তমানে তিনি সেই জাতীয় পার্টি থেকে আসা কয়েকজন চিহ্নিত ব্যক্তিকে নিয়ে গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা পরিপন্থিভাবে উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম তার বাসায় বসে পরিচালনা করে আসছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সরকারি জমি দখল, ইউপি নির্বাচনে পছন্দের লোকদের নৌকা প্রতীক পাইয়ে দিতে আর্থিক লেনদেনসহ গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সাংবাদিক সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ্ আলম ফরাজী, সাংগঠনিক সম্পাদক মাস্টার মনিরুজ্জামান আতিয়ার, মো.হাবিবুর রহমান, কৃষি ও সমবায় সম্পাদক মো. আলমঙ্গীর হোসেন, তথ্য ও গবেষনা সম্পাদক কৃষ্ণকান্ত মজুমদার, তথ্য ও সমাজকল্যান সম্পাদক সুখরঞ্জন বেপারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু, বন ও পরিবেশ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. মহশিন সিকদার, যুব ও ক্রিড়া সম্পাদক মো. বখতিয়ার হোসেন, সদস্য আফরোজা বিলকিস জাহান, মাহমুদা হুদা মুন্নি, মাস্টার মোতাহার আলী হাওলাদার, সুলতান মাহমুদ খানসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
