স্বরূপকাঠীতে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় পরিমাপক মানদন্ডে ত্রুটি এবং খাদ্য উৎপাদনে লাইসেন্স না থাকার অপরাধে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত আদালতে উপজেলার জগৎপট্টি ও উত্তর জগন্নাথকাঠি বন্দরের দু’টি মুদি, একটি ফল ও তিনটি মিষ্টান্ন ভান্ডারকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ওজন ও পরিমাপক মানদন্ড আইন ২০১৮ এর আইন মোতাবেক ব্যবসায়ীদের ওই অর্থ দন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নেছারাবাদ সহকারি কমিশনার (ভূমি) তাপস পাল।
অভিযানে মিষ্টির দোকানে দই উৎপাদনে লাইসেন্স না থাকা, পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদ না থাকার অপরাধে জগৎপট্টি বন্দরের সাতক্ষিরা মিষ্টান্ন ভান্ডার, জয়গুরু মিষ্টান্ন ভান্ডার এবং দারুসুন্নাত মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার করে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া উত্তর জগন্নাথকাঠি বন্দরের মুদি ও ফলের দোকানে পরিমাপকদন্ডে ত্রুটি থাকার অপরাধে সাহা ষ্টোরকে ৬ হাজার, উদয় সাহা ষ্টোরকে ২ হাজার এবং আলমের ফলের দোকানকে ২ হাজার করে তিনটি দোকানে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহায়তা করেন বরিশাল বিভাগীয় বিএসটিআই এর পরিদর্শক মো. মহাসিন রাব্বানি। এসময় নেছারাবাদ থানা পুলিশের একটি দল সাথে ছিল।
