প্রধান সূচি

সুন্দরবনে ট্রলারসহ ১১ জেলেকে আটক করেছে বন বিভাগ

মাছ শিকারের জন্য অবৈধ অনুপ্রবেশ করে সুন্দরবনে ঢোকার অভিযোগে ট্রলারসহ ১১  জেলেকে আটক করেছেন বন বিভাগ। শনিবার ভোরে বঙ্গোপসাগর পাড়ের পূর্ব সুন্দরবনের দুবলার চর সংলগ্ন ভাঙ্গাখাল থেকে টহলরত বন প্রহরীরা তাদেরকে আটক করেন। এ সময় মাছ শিকার কাজে ব্যবহৃত একটি ট্রলার ও কয়েকটি জাল জব্দ করে বন বিভাগের সদস্যরা।

আটককৃত জেলেরা হলেন- সিরাজুল ঢালী (৩৮), আবু সাইদ (৪০), দিদারুল ইসলাম (৩৫), মো. সাইদ (৩৮), মো. জাহাঙ্গীর (৩৬), আবুল বাসার (৩৪), মো. ইয়ারুল (৩২), মো. হানিফা (৩৪), মাহাবুবুর রহমান (২২), মিজানুর রহমান (৪৫) ও মাসুম বিল্লাহ (৩২)। এদের সকলের বাড়ী খুলানার কয়রা উপজেলার বিভিন্ন এলাকায়।

আটককৃতদের বিরুদ্ধে পিওআর (প্রশিকিউশন অফেন্স রিপোর্ট) মামলা দায়েরের পর শনিবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

খুলনা জেলার কয়রা উপজেলার হাবিবুর রহমান নামের এক ব্যক্তি অবৈধভাবে এসব জেলেদের সুন্দরবনে মাছ শিকার করতে পাঠিয়েছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জেলেরা বন বিভাগের কাছে স্বীকারোক্তি দিয়েছেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা টহল ফাঁড়ির  ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় বলেন, এসব জেলেরা বন বিভাগের অনুমতি ছাড়াই সুন্দরবনে মাছ শিকারে ঢুকে পড়েছিলেন। বন বিভাগের স্মার্ট পেট্রোলিং টিমের বন প্রহরীরা নিয়মিত টহলের সময় তাদের আটক করেন। জেলেদের ট্রলারে কোন মাছ না পাওয়া গেলেও মাছ ধরার জাল পাওয়া যায়। আটক জেলেরা সুন্দরবনের অভ্যন্তরে ঢোকার কোন অনুমতিপত্র দেখাতে পারেন নি। এ ঘটনায় দুবলা টহল ফাঁড়ির সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে বন আইনে পিওআর (প্রশিকিউশন অফেন্স রিপোর্ট) মামলা করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial