নাজিরপুরে ইউপি চেয়ারম্যান ও তার ভাইয়ের বিরুদ্ধে শিক্ষকের জমি দখলের অভিযোগ
পিরোজপুরের নাজিরপুরে ইউপি চেয়ারম্যান ও তার ভাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়কের বিরুদ্ধে এক শিক্ষকের জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নাজিরপুর প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ বক্তব্য রাখেন ভুক্তভোগী পরিবারের সদস্য স্কুল শিক্ষকের ছেলে মো. রিয়াজুল ইসলাম হাওলাদার।
সংবাদ সম্মেলনে করা অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছোট বুইচাকাঠী এলাকার মরহুম স্কুল শিক্ষক মো. সুলতান আলী হাওলাদারের ক্রয়কৃত জমি দখল করছেন উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নু ও তার ছোট ভাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস। গত ৮ মার্চ ভোর রাতে তাদের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে ভাড়াটিয়া সন্ত্রাসীরা ওই জমি তাদের (চেয়ারম্যান) ফুফাতো ভাই হুমায়ুন কবিরের পক্ষ হয়ে দখলে নেতৃত্ব দিয়ে ঘর তৈরী করেন। এসময় এলাকাবাসীসহ ভুক্তভোগীরা বাঁধা দিলে সন্ত্রাসীরা তাদের হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে। তিনি আরো জানান, ওই জমি তার (রিয়াজ) পিতা গত ১৯৬৫ সালে হুমায়ুন কবিরের পিতা হেমায়েত উদ্দিন হাওলাদারের কাছ থেকে ক্রয় করে ভোগ দখল করে আসছেন। সে অনুযায়ী তাদের নামে রেকর্ড হয়েছে।
এ বিষয়ে জানতে শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নুর মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি। তবে তার ছোট ভাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তরিকুল ইসলাম চৌধুরী তাপস সেখানে যাওয়া বা জমি দখলে নেতৃত্বে দেওয়ার কথা অভিযোগ অস্বীকার করে জানান, ওই জমিটি নিয়ে দায়ের হওয়া মামলায় তার ফুফাতো ভাইর পক্ষে আদালত রায় দিয়েছেন।
