আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিতে মোংলা ছেড়েছে যুদ্ধ জাহাজ ‘ওমর ফারুক’
আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিতে মোংলা নৌঘাঁটি থেকে ছেড়ে গেছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘ওমর ফারক’।
মঙ্গলবার দুপুর দেড়টায় মোংলার দিগরাজস্থ নৌঘাঁটি থেকে যুদ্ধ জাহাজটি ছেড়ে যায়। খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম. আনোয়ার হোসেন উপস্থিত থেকে জাহজটিকে আনুষ্ঠানিক বিদায় জানান। এসময় নৌবাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তা, যুদ্ধ জাহাজ ওমর ফারুক এ গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মোংলা নৌঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন এম. মোশাররফ হোসেন জানান, ভারতের বিশাখাপত্তনমে আগামী ৪ মার্চ আট দিন আন্তর্জাতিক নৌ মহড়ায় সফরে থাকবে জাহাজটি। যুদ্ধ জাহাজ ওমর ফারুকের অধিনায়ক ক্যাপ্টেন এ বি এম জাকিউল হাসান ভুঁইয়ার নেতৃত্বে প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ ২৮৪ জন নৌ সেনা এ মহড়ায় অংশগ্রহণ করছেন বলে জানান তিনি।
মোংলা নৌঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন এম. মোশাররফ হোসেন আরও বলেন, আন্তর্জাতিক এ মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের ৪৬টি দেশের নৌবাহিনী অংশ নিচ্ছে।
অংশগ্রহণকারী দেশসমূহের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন, সমুদ্র পথে জলদস্যুতা, মাদক ও চোরাচালান, মানব পাচার, অবৈধ মৎস্য আহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডরোধ এ মহড়ার মূল লক্ষ্য বলে সাংবাদিকদের জানান খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম. আনোয়ার হোসেন। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের পেশাগত মানোন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতীম দেশসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্পর্ক আরও জোরদার হবে বলেও জানান তিনি।
মহড়া শেষে যুদ্ধ জাহাজ ‘ওমর ফারুক’ আগামী ৬ মার্চ দেশে প্রত্যাবর্তন করবে বলে মোংলা নৌঘাঁটি সূত্র জানায়।
