ট্রাফিক আইন অমান্য করায় প্রাইভেট কারসহ ১১ মোটর সাইকেল আটক
পিরোজপুরে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযানকালে ১টি প্রাইভেট কারসহ ১১টি মোটর সাইকেল আটক করা হয়েছে। এসময় ৩২ জনের নামে মামলা দিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা শহরের স্থানে অভিযান করে জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশ। সকাল থেকে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ মোড়ে অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল হাসান (বিপিএম) দিনব্যাপী নিজে দাঁড়িয়ে থেকে পরিচালনা করেন। এসময় হেলমেটবিহীন মোটর সাইকেল চালানোর অভিযোগে চালকদের মামলা দিয়ে জরিমানা আদায় করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন, সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জহিরুল হক, সার্জেন্ট কামাল হোসেন ও এস আই শরিফুল ইসলাম।
ট্রাফিক আইন অমান্য করায় অভিযানকালে ৩২ জনের নামে মামলায় ২ লাখ টাকা জরিমানা আদায় এবং নিবন্ধনের কাগজ না থাকার অভিযোগে ১১টি মোটর সাইকেল ও ১টি প্রাইভেটকার আটক করা হয়। এসময় হেলমেটবিহীন প্রায় শতাধিক চালককে হেলমেট কিনে এনে গাড়ি নিতে হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল হাসান (বিপিএম) জানান, সড়ক দুর্ঘটনা রোধকল্পে হেলমেটবিহীন কেউই যাতে মোটর সাইকেল নিয়ে বের না হয়, না চলায় সেটা নিশ্চিত করতে পুলিশ ও ট্রাফিক পুলিশের এ অভিযান। কারণ এই মোটর সাইকেলগুলো দুর্ঘটনায় স্বীকার হয় বেশী। যার জন্য আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। সড়ক পরিবহন আইন মেনে গাড়ি ও মোটর সাইকেল চালাতে হবে। সড়ক পরিবহন আইন ২০১৮ মেনে না চললে পরবর্তিতে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।
