সন্তানের সামনে মাকে ধর্ষণ ॥ ধর্ষকের যাবজ্জীবন
বাগেরহাটের মোড়েলগঞ্জে দুই সন্তানের সামনে মাকে ধর্ষণের অপরাধে খোকা হাওলাদার (৪৬) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। ঘটনার ৬ বছর পর বুধবার দুপুরে বাগেরহাট নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. নূরে আলম আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। সেই সাথে আসামীকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেছে আদালত।
আসামী মো. খোকা হাওলাদার জেলার মোড়েলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের প্রয়াত আব্দুস ছত্তার হাওলাদারের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩১ মে রাত ৮টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে উত্তর ফুলহাতা গ্রামের এক কাপড় ব্যবসায়ির বাড়িতে প্রবেশ করেন মো. খোকা হাওলাদার। তখন দুই শিশু সন্তানের সামনে কাপড় ব্যবসায়ীর স্ত্রীকে (২৫) ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করেন খোকা হাওলাদার। ধর্ষণ শেষে ব্যবসায়ীর স্ত্রীর মুঠোফোন ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান খোকা হাওলাদার। ঘটনার সময়ে ওই ব্যবসায়ী স্থানীয় ফুলহাতা বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফিরে স্ত্রীকে অচেতন অবস্থায় দেখতে পান ব্যবসায়ী। পরেরদিন সকালে ওই ব্যবসায়ী খোকা হাওলাদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোড়েলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। গৃহবধূর ডাক্তারি পরীক্ষা ও স্থানীয়দের কাছ থেকে ঘটনার সত্যতা পেয়ে ওই বছরের ২৯ আগষ্ট আদালতে খোকা হাওলাদারের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন পুলিশের তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল মান্নান শেখ। ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের সংশোধিত ৯ (১) ধারায় অভিযুক্ত আসামী খোকার বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডাদেশ দেন আদালত।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন রণজিত কুমার মন্ডল এবং আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী শেখ মনিরুজ্জামান।
