ভান্ডারিয়ায় দুর্বৃত্তদের হামলায় ইউপি মেম্বার আহত
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মো. আলী হোসেন খন্দকারের (৪৯) ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। মঙ্গলবার রাতে ইউনিয়নের পৈকখালী হাজী লেহাজ উদ্দিন মাদ্রাসা সংলগ্ন রাস্তায় একাকি পেয়ে পূর্ব থেকে ওঁত পেতে থাকা একদল দৃর্বৃত্ত তাকে পিটিয়ে রাস্তার পাশে ফেলে রাখে। পথচারীরা তাকে উদ্ধার করে ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
হামলার ঘটনায় বুধবার দুপুরে ভান্ডারিয়া থানায় আহতের ভাই মো. দেলোয়ার হোসেন খন্দকার বাদি হয়ে ৬ জনের নাম উল্ল্যেখসহ আরো ৮ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা দায়ের করেছেন
এদিকে, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ও দোষীদের গ্রেফতারের দাবিতে ভান্ডারিয়া উপজেলা মেম্বার এ্যাসোসিয়েশন বুধবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে। উপজেলার থানা সড়কের লিয়াকত মার্কেটে এ্যাসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এ্যাসোসিয়েশনের উপজেলা সভাপতি মো. মনিরুল ইসলাম। ।
