স্কুলছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় ভাইকে পিটিয়ে আহত
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় তার (স্কুলছাত্রী) ভাইকে মারধর করেছে এক বখাটে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ইন্দুরকানী লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মামুন সাজ্জালকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের ইন্দুরকানী গ্রামের আলতাফ সাজ্জালের নবম শ্রেনীতে পড়ুয়া মেয়েকে একই গ্রামের নাজমুল হাওলাদারের ছেলে ফরিদ হাওলাদার (২০) দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। এমনকি নানা অজুহাতে স্কুল ছাত্রীর বাড়িতে ঢুকেও উত্যক্ত করে। স্কুল ছাত্রীর বড় ভাই মামুন ওই বখাটে জিজ্ঞেস করলে তাকে কাঠের চেলা দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে দেয়।
এ ঘটনায় আহত মামুন বুধবার সন্ধ্যায় ইন্দুরকানী থানায় বখাটের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। আহত মামুন সাজ্জাল জানান, আমার ছোট বোন সেতারা স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। তাকে স্থানীয় বকাটে ফরিদ উত্যক্ত করায় আমি প্রতিবাদ করি। এতে ক্ষুব্দ হয়ে বখাটে ফরিদ আমাকে পিটিয়ে রক্তাক্ত জখর করেছে। বখাটের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
