পিরোজপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা
“নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি” এ শ্লোগান নিয়ে পিরোজপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার পিরোজপুরের জেলা প্রশাসকের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে পিরোজপুর প্রেসক্লাবের কনভেনর গৌতম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুনিরা পারভীন, সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক জাকির হোসেন।
উন্নয়ন সংস্থা ‘সুশীলন’ আয়োজিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সুশীলনের জেলা সমন্বয়কারী গৌরঙ্গ ঘোষ।
আলোচনায় অংশ নেন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ফসিউল ইসলাম বাচ্চু, তেজদাসকাঠী কলেজের প্রভাষক শবরী রানী বেপারী, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, সাংবাদিক খেলাফত হোসেন খসরু, রূপান্তর’র জেলা সমন্বয়কারী উজ্জল পাল, শিক্ষার্থী চন্দ্রিকা মন্ডল প্রমুখ।

আলোচকরা বলেন, বর্তমান সরকার নারী নির্যাতন বন্ধে যুগোপযোগী বিভিন্ন আইন তৈরী করে তা বাস্তবায়নের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে চলছে। আমরা যে যেখানে, যে অবস্থানে থাকিনা কেন, আমাদের সকলের দায়িত্ব হবে নারী নির্যাতন বন্ধে জনসচেতনতা সৃষ্টি করা এবং বাল্য বিবাহ রোধে প্রশাসনকে সহায়তা করা।
সভায় গণমাধ্যম কর্মী, বেসরকারি সংস্থার প্রতিনিধি, নারীনেত্রী, শিক্ষার্থীসহ, বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
