প্রধান সূচি

পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় যুবলীগ নেতা গুলিবিদ্ধ ॥ আ’লীগের বিদ্রোহী প্রার্থীসহ  গ্রেফতার-৯

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণাকালে প্রতিপক্ষের গুলিবর্ষণে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহাবুব শুভ গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া এ ঘটনায় নৌকা মার্কার প্রার্থী তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাওলানা নাসির উদ্দিন মাতুব্বরের সমর্থক আরও ৭/৮জন আহত হয়েছেন। বুকে গুলিবিদ্ধ যুবলীগ নেতা শুভকে সোমবার দুপুরে এয়ার এ্যাম্বুলেন্স করে খুলনা থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, নির্বাচনী সংহিসতায় যুবলীগ নেতাকে গুলি করার অভিযোগে শংকরপাশা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নাসির উদ্দিন মাতুব্বরসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক ৯ জনের মধ্যে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মাওলানা নাসির উদ্দিন মাতুব্বরের ছেলে ও ভাতিজাসহ কর্মী সমর্থক রয়েছে।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান তোফাজ্জেল স্বপন মল্লিকের পক্ষে শুভসহ দলীয় নেতা-কর্মীরা প্রচারণা চালাতে যায়। এ সময় মল্লিকবাড়ী এলাকায় প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষকালে এ গুলির ঘটনা ঘটে। এতে যুবলীগ নেতা শুভ গুলিবিদ্ধ হওয়াসহ উভয় পক্ষের ৮জন আহত হয়।

গুলিবিদ্ধ ফয়সাল মাহবুব শুভকে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত অবস্থায় দ্রুত খুলনার একটি বেসরকারি হাসপাতালে রবিবার রাতেই স্থানান্তর করা হয়। শুভর অবস্থার অবনতি ও শরীর থেকে ব্যাপক রক্তক্ষরণ হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

অন্যদিকে, সংঘর্ষের ঘটনায় বিদ্রোহী প্রার্থীর সমর্থক আহত আরও ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরা হলেন- মনির মাতুব্বর (৫৫), বায়েজিদ হোসেন মাতুব্বর (২৪), জাহাঙ্গীর মাতুব্বর (৫২) ও মফিজুল হোসেন মাতুব্বর (৫৫)। এরা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাওলানা নাসির উদ্দিন মাতুব্বরের কর্মী-সমর্থক।

জানা গেছে, হামলার ঘটনার পরে রবিবার রাত সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষের আহত ৬জন আবারও হামলার শিকার হওয়ার ভয়ে পিরোজপুর জেলা হাসপাতালে না গিয়ে চিকিৎসার জন্য জেলার নাজিরপুর উপজেলা হাসপাতালে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত ৪ জনকে খুলনা প্রেরণ করা হয়। এদিকে, গুলি ও হামলার ঘটনায় পুলিশ রাতেই শংকরপাশা এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে গুলি করার অভিযোগে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও জেলা আওয়ামী লীগ নেতা মাওলানা নাসিরকে তার ব্যক্তিগত পিস্তলসহ আটক করে। একই সাথে তার ছেলে ও ভাতিজাসহ আরও ৮ জন সমর্থককে আটক করে।

এ ঘটনায় নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন ৩১জনকে আসামী করে সোমবার সদর থানায় একটি মামলা করেছেন বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান। তিনি আরও জানান, নাসির উদ্দিন মাতুব্বর নিজের ব্যক্তিগত পিস্তল দিয়ে গুলিবর্ষণ করেছেন বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়ায় সে অস্ত্রটি পুলিশ জব্দ করেছে। মামলার বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, গুলি ও হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

এদিকে, ঘটনার পর শংকরপাশা ইউনিয়েনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial