পিরোজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের স্মারকলিপি প্রদান
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে পিরোজপুর জেলা প্রশাসকের কাছে চলমান ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ ৩ বছরে রূপান্তর করার শিক্ষা মন্ত্রণালয়ের আত্মঘাতি উদ্যোগ বন্ধসহ ৪ দফা দাবি বাস্তবায়নে পিরোজপুরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় সংগঠনে সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস আরেফিন, সদস্য সচিব প্রকৌশলী রবীন্দ্রনাথ কর্মকার এবং আইডিইবি পিরোজপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী এম এ রব্বানী ফিরোজ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ পিরোজপুর জেলা শাখা উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরীর প্রাথমিক নিযুক্তিতে ১টি স্পেশাল ইনক্রিমেন্ট, পরিকল্পনা ও নকশা বিভাগে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের ৩টি স্পেশাল ইনক্রিমেন্ট এবং উপ-সহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী/সমমানের পদে পদোন্নতির কোঠা ৫০% উন্নতি করণ, বিএন বিসি-২০২০ এর ইঞ্জিনিয়ারের সংজ্ঞাসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকারহরণ ও অবমূল্যায়ন ধারা/উপধারা সংশোধন এবং ঢাকা মহানগর ইমারত নির্মান বিধিমালা-২০০৮ সংশোধনপূর্বক গেজেট প্রকাশ এবং একাধিক জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদিত চলমান ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ ৩ বছরে রূপান্তর করার শিক্ষা মন্ত্রণালয়ের আত্মঘাতি উদ্যোগ বন্ধসহ ৪ দফা দাবি লক্ষে এ স্মারকলিপি প্রদান করা হয়।
