এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান ও তার তিন ভাই পুলিশ রিমান্ডে
প্রতারণা ও জালিয়াতি মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ১৭ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি মাওলানা রাগীব আহসান ও তার অপর তিন ভাইকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পিরোজপুর সদর থানার পুলিশ। আজ মঙ্গলবার তাদেরকে পিরোজপুর জেলা কারাগার থেকে সদর থানায় আনা হয়েছে।
এর আগে সদর থানা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার পিরোজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দীন উক্ত ৪ জনকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পিরোজপুর জেলা আদলতের পিপি খান মো. আলাউদ্দিন জানান, মাল্টিপারপাস কোম্পানি এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি মাওলানা রাগীব আহসান ও তার তিন ভাইকে ৯১ কোটি ১৫ লাখ ৯৩৩ টাকার আত্মসাৎ মামলায় ৭ দিনের রিমান্ড দিয়েছে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। মামলার রিমান্ড শুনানীতে জেলা আইনজীবী সমিতির কোন এডভোকেট রাগীব আহসান ও তার তিন ভাইয়ের পক্ষে অবস্থান নেয়নি।
জানা গেছে, উক্ত মামলার বাদী হলেন তেজদাসকাঠী এলাকার বাসিন্দা এবং এহসান গ্রুপের ফিল্ড অফিসার ও গ্রাহক হারুন অর রশিদ। এ ছাড়াও এখন পর্যন্ত মাওলানা রাগীব ও ভাইসহ সহযোগীদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় আরও ৪টি মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে। এহসান গ্রুপে টাকা জমা রাখা ক্ষতিগ্রস্ত গ্রাহকরা এসব মামলা দায়ের করেছেন।
পিরোজপুর সদর থানার ওসি আ. জ. মো. মাসুদুজ্জামান জানান, প্রতারণা ও অর্থ আত্মসাৎ এর অভিযোগে দায়ের করা মামলায় রাগীব আহসান ও তার তিন ভাইকে ৭ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত ৭ দিনেরই রিমান্ড মঞ্জুর করেছেন। তাদেরকে জেলা কারাগার থেকে মঙ্গলবার পিরোজপুর সদর থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, শরিয়তসম্মত সুদবিহীন বিনিয়োগে উচ্চ মুনাফা দেওয়ার নামে মাওলানা রাগীব আহসান বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং মাদ্রাসা শিক্ষকদের এহসান গ্রুপের ফিল্ড অফিসার হিসেবে নিয়োগ দিয়ে তাদের মাধ্যমে সাধারণ মানুষদের গ্রাহক তৈরী করতো এহসান গ্রুপ। এছাড়া এহসান গ্রুপের নামে প্রতিষ্ঠা করা নূর-ই মদিনা ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমি, জামিয়া আরাবিয়া নূরজাহান মহিলা মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকদের বাধ্য করা হতো এহসান গ্রুপের গ্রাহক হতে। অন্যদিকে, এহসান গ্রুপে আমানত রাখার জন্য ধর্মভীরু মানুষকে প্রলুদ্ধ করতে দেশ-বিদেশের আলেম উলামাদের এনে ওয়াজ মাহফিল করে এহসান গ্রুপের পক্ষে বলানো হতো।
এভাবে পিরোজপুর, বাগেরহাট, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানের লক্ষাধিক গ্রাহকের কাছ থেকে এককালীন আমানত ও মাসিক কিস্তিতে আমানত নিয়ে ১৭ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান ও তার সহযোগীরা।
গ্রাহকদের টাকা আত্মসাৎ করে গা’ঢাকা দেওয়া এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি মাওলানা রাগীব আহসান ও তার তিন ভাইকে সম্প্রতি গ্রেফতার করে আইন শৃংখলা বাহিনী। গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকার তোফখানা এলাকা থেকে এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি মাওলানা রাগীব আহসান এবং তার ভাই ও প্রতিষ্ঠানের সহ-পরিচালক আবুল বাশারকে গ্রেফতার র্যাব-১০। এছাড়া প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য ও তার অপর দুই ভাই মাওলানা মাহমুদুল হাসান ও মো. খাইরুল ইসলামকে একই দিন বিকেলে পিরোজপুর সদর উপজেলার খলিশাখালী গ্রামের নিজ বাড়ি এলাকা থেকে গ্রেফতার করে পিরোজপুর থানার পুলিশ।
