পাইকগাছায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কক্ষ ভাড়া দেয়ার অভিযোগ
পাইকগাছা উপজেলার কালুয়া গড়ের আবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি শ্রেণীকক্ষ ভাড়া দেয়ার অভিযোগ উঠেছে। ফলে শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ে এসে শ্রেণীকক্ষ না পেয়ে বাইরে ঘুরে বেড়াতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগে কালুয়া গড়ের আবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি শ্রেণী কক্ষ রাস্তার কাজের ঠিকাদারের লোকদের ভাড়া দেয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগে সরেজমিনে গেলে তার সত্যতা পাওয়া যায়। বিদ্যালয়ের অফিস কক্ষ বাদে তিনটি কক্ষের দুটি ভাড়া দেয়া হয়েছে। দুটি কক্ষে ৮ জন নারী ও পুরুষ শ্রমিক এক মাসেরও অধিক সময় ধরে বসবাস করছে বলে স্থানীয়রা জানান।
এদিকে রবিবার নোংরা ও অপরিছন্ন পরিবেশে একটি কক্ষে শতাধিক শিক্ষার্থীদের ঠাসাঠাসি করে বসিয়ে ক্লাশ নেয়া হয়েছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আবুল কাশেম মাসুদুল হক বলেন, আমার স্কুলের সভাপতি সলেমান সানা বিদ্যালয়রের কক্ষে তাদের থাকার ব্যবস্থা করেছেন। গজালিয়া থেকে চৌমুহনী রাস্তার কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনদের থাকার স্থান না থাকায় স্কুলে আশ্রয় দেয়া হয়েছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সলেমান সানা বিদ্যালয়ের শ্রেণী কক্ষ ভাড়া দেওয়ার কথা অস্বীকার করে বলেন, স্থানীয় ইউপি সদস্য আক্কাস ঢালী ও এলাকাবাসীর চাপে প্রতিষ্ঠানটি ব্যবহার করতে দিয়েছি।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার ঝঙ্কার ঢালী বলেন, এক সপ্তাহ আগে প্রতিষ্ঠানে গিয়ে প্রধান শিক্ষককে বিদ্যালয়টি পরিস্কার পরিচ্ছন্ন করার নির্দেশ দিয়ে এসেছিলাম।
উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, কোন সরকারী প্রতিষ্ঠান ভাড়া দেয়ার এখতিয়ার কারো নেই। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক উপজেলা সহকারী শিক্ষা অফিসারকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। জবাব পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
