পিরোজপুরে মৃত স্বামীর সম্পত্তি গ্রাস করার চেষ্টা ও প্রতিপক্ষের নির্যাতন থেকে রেহাই পেতে স্ত্রীর সংবাদ সম্মেলন
পিরোজপুর পৌরসভার রাজারহাট এলাকার ব্যবসায়ী মৃত বিপ্লব কুমার সাহা সহায় সম্পত্তি গ্রাস করার চেষ্টার প্রকিবাদে এবং প্রতিপক্ষের ও মারপিট নির্যাতন থেকে রেহাই পেতে সাংবাদিক সম্মেলন করেছে তার স্ত্রী ইতি সাহা। বুধবার সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ী মৃত বিপ্লব কুমার সাহা’র স্ত্রী ইতি সাহা অভিযোগ করে জানান, পিরোজপুর শহরের বাজার রোডে তার স্বামীর “সোমা প্রসাধনী” নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের নামে পিরোজপুরে রূপালী ব্যাংক লিমিটেড হুলারহাট শাখা থেকে তাকে গ্রান্টার করে তার স্বামী বিপ্লব কুমার সাহা ৬ লাখ টাকা ঋণ নেন। কিন্তু বিপ্লব সাহা ২০২০ সালের ১৯ অক্টোবর আকস্মিক মৃতুবরণ করেন। এরপর পরস্পর যোগসাযোসে তার (ইতি সাহা) ননদের ছেলে অনির্বান সাহা, ননদের স্বামী অসীম সাহা, ননদ পলাসী সাহা, খালা শ্বাশুড়ি মিতা সাহা এবং তাদের পক্ষের লোকজন তার স্বামীর রেখে যাওয়া সহায়-সম্পত্তি গ্রাস করার চেষ্টায় তাকে (ইতি সাহা) নির্যাতন হয়রানি করে আসছে।
ইতি সাহা অভিযোগে আরও বলেন, গত ২২ জুলাই দুপুরের দিকে দোকানে বেচা-কেন করার সময় পলাসী সাহা, অসীম সাহা, অনির্বান সাহা, মিতা সাহা দোকানে হামলা চালায়। এ সময় তাকে মারপিট নির্যাতন করে দোকানের ক্যাশ থেকে ২৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিতে থাকলে হামলাকারীরা ঐ দিন দুপুর দেড়টার দিকে রাজারহাটস্থ তার বাসার তালা ভেঙ্গে ভাংচুর ও লুটপাট করে প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। এ ব্যাপারে তিনি পিরোজপুর সদর থানায় লিখিত অভিযোগ করলেও অজ্ঞাত কারণে তা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড না করায় পরে তিনি সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে বিজ্ঞ আদালত অভিযোগ আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে সমন জারি করেন। বর্তমানে তার স্বামীর আত্মীয়-স্বজনরা তার স্বামীর দোকানে তাকে প্রবেশ করতে দিচ্ছে না এবং তাকে এলাকা ছাড়ার জন্য নানাভাবে হুমকি দিচ্ছে।
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর শহরের ব্যবসায়ী সিরাজ শেখ, খাদিজা আক্তার, মুক্তা বেগমসহ স্থানীয়রা।
