নৌকার সমর্থন করায় বিজয়ী স্বতন্ত্র চেয়ারম্যানের সমর্থকদের মারধরের শিকার বৃদ্ধ
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার গুয়ারেখা ইউনিয়নে নৌকা প্রতিকের পক্ষে কাজ করার অপরাধে দেলোয়ার খলিফা নামে এক বৃদ্ধকে মারধর করেছে বিজয়ী স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থীর সমর্থকরা।
তারা বেদম মারপিটের পর একটি সাদা কাগজে স্বাক্ষর করিয়ে রেখে তাকে ছেড়ে দেয় বলে অভিযোগ করেন বৃদ্ধ দেলোয়ার খলিফা।
ভরতকাঠি গ্রামের দেলোয়ার খলিফা অভিযোগ করেন, গত বুধবার বিকেলে তিনি পার্শ্ববর্তী গুয়ারেখা তিনগ্রাম স্কুলের সামনে গিয়ে একটি চা দোকানে বসেন। এসময় বিজয়ী বিদ্রোহী প্রার্থী আ. রব সিকদারের সমর্থক ওয়াজেদ আলীর ছেলে ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম টাবুল ও আ. লতিফ শেখের ছেলে সাইফুল ইসলাম নামে দুই লোক তাকে দোকানের মধ্য থেকে টেনে হিচড়ে বের করে বেদম মারপিট করেন। এ সময় দেলোয়ারের কাছ থেকে একটি সাদা কাগজে স্বাক্ষর রেখে জনৈক মিঠুর জিম্মায় ছেড়ে দেয়।
আওয়ামী লীগের কর্মীকে মারধরের খবর জানার পরে ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসীদের খুঁজলেও তাদের পায়নি।
এ ঘটনায় দেলোয়ার খলিফা বৃহস্পতিবার নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ করেছেন।
পাটিকেলবাড়ি পুলিশ ফাড়ির ইনচার্জ ও পরিদর্শক মো. মনির হোসেন বলেন, মারধরের শিকার দেলোয়ারের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত ২১জুন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সুব্রত কুমার ঠাকুরকে হারিয়ে বিদ্রোহী প্রার্থী ঠিকাদার আ. রব সিকদার নির্বাচিত হন।
