প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে চলেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন বঙ্গবন্ধুর প্রদর্শিত পথেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে চলেছে। বিশ্বের ১৩০টি দেশ করোনা ভ্যাকসিন এখন পর্যন্ত নিতে না পারলেও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও এই ভ্যাকসিন পাচ্ছে।
ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস হিসেবে উদযাপন উপলক্ষ্যে আজ রবিবার দুপুরে পিরোজপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
পিরোজপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চ্যুয়াল সংযুক্ত হয়ে মন্ত্রী আরও বলেন, অতীত-বর্তমান-ভবিষ্যত নিয়ে ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষনটি সত্যিকার অর্থেই বিষ্ময়কর। পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক আজ অবধি ১০ লক্ষ জনতার সামনে এমন ভাষণ দিতে পারেননি। তার ভাষণ শুনে একটি নিরস্ত্র জাতি সশস্ত্র জাতিতে রূপান্তরিত হয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ^মন্ডলে পরিচিতি হচ্ছে উন্নয়নের যাদুকর মানবতার জননী। এটি তার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের স্বীকৃতি। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ দূরদৃষ্টি সম্পন্ন এবং ইতিহাসের একটি মহাকাব্য।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, য্গ্নু সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, নারী নেত্রী কাজী রুহিয়া বেগম হাসি, জেলা পূজা উদযাপনন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুল ইসলাম লিটন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মো. কামরুজ্জামান খান শামীম, জেলা ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম টিটু প্রমুখ।
এর পূর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং ঐতিহাসিক ৭ মার্চের ভাষণসহ বিভিন্ন ডকুমেন্টারী প্রদর্শন করা হয়।
