বিভিন্ন সরকারি দপ্তরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা
দুদকের সহযোগী সংগঠন দুর্নীতি প্রতিরোধ কমিটি পিরোজপুরে বিভিন্ন সরকারি দপ্তরে মতবিনিময় সভা শুরু করেছে। গত দু’মাসে জেলা কমিটি জেলা পর্যায়ে দু’টি ও সদর উপজেলায় দু’টি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক পৃথক পৃথক চারটি মতবিনিময় সভা করেছে।
আজ সোমবার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে সর্বশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এই প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত এ মতবিনিময় সভা কৃষি সম্প্রসারণ বিভাগের জেলা দপ্তর খামার বাড়ীতে জেলা ও সদর উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক চিন্ময় রায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলীর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, কমিটির সহ-সভাপতি খান আলমগীর, সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা, সদস্য আতিকুল ইসলাম হিরা, জেলা কৃষি প্রকৌশলী মো. মনিরুজ্জামান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ বিভাস চন্দ্র সাহা, জুনিয়র ফিনানশিয়াল কন্সালটেন্ট মলয় রাহা, সাব-এসিট্যান্ট প্লান্ট প্রটেকশন অফিসার আব্দুল হালিম প্রমুখ।
এর আগে গত রবিবার সদর উপজেলা প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে অনুরূপ একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার বশির আহম্মেদ। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলীর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, কমিটির সহ-সভাপতি খান আলমগীর, সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা, উপজেলা প্রকৌশলী হরষিত সরকার, উপ-সহকারী প্রকৌশলী রহমাতুল আমীন, সার্ভেয়ার মাহবুবুল আলম, কমিটি সদস্য দিপঙ্কর মাতা মিন্টু, মেহেদী হাসান প্রমুখ।
গত অক্টোবর মাসে জেলা সমাজ কল্যাণ বিভাগ ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সাথে অনুরূপ দু’টি সভা অনুষ্ঠিত হয়। এ সব সভায় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সভা সমূহে অংশ নেন।
