করোনাভাইরাস পরিস্থিতি
পিরোজপুরে মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ ২৬ হাজার টাকা জরিমানা আদায়
জনসাধারণকে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে পিরোজপুরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। মাস্ক ব্যবহার না করায় বিভিন্ন অংকের টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ সোমবার পিরোজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, পাড়েরহাট মোড় পুরাতন বাসষ্ট্যান্ডসহ শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাস্ক ছাড়া বাইরে বেরোনোর কারণে শতাধিক ব্যক্তিকে জরিমানা করা হয়। তবে যারা মাস্ক কিনে ব্যবহার করতে অসমর্থ তাদেরকে অভিযান চলাকালীন সময় মাস্ক বিতরণ করেন ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী দল। অভিযান চলার সময় দেখা যায় অনেকেরই মাস্ক থাকলেও, তারা সেগুলো ব্যবহার না করে পকেটে রেখেছেন। আবার অনেকেই মাস্ক ব্যবহার না করেই গণপরিবহনে যাতায়াত করছেন।
পিরোজপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক পিযুষ কুমার চৌধুরী জানান, মাস্ক ব্যবহার না করার কারণে সোমবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শতাধিক মামলায় ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনসাধারণকে বাইরে বেরোনের পর মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
