প্রধান সূচি

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টাকারীদের কঠোর হস্তে দমন করা হবে : শ ম রেজাউল করিম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টাকারীদের কঠোর হস্তে দমন করা হবে। আমাদের মনে রাখতে হবে বঙ্গবন্ধুর নির্দেশে এদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খৃস্টান কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। রাম ও রহিমের রক্তে এদেশের সবুজ প্রান্তর রঞ্জিত হয়েছিল। আজ যদি আমরা অসম্প্রদায়িক বাংলাদেশ তৈরী করতে না পারি তাহলে কেন সেদিন ৩০ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল।
দুর্গা পূজা উপলক্ষে পিরোজপুর সদর উপজেলার দূর্গা মন্দিরগুলোতে প্রধানমন্ত্রীর শারদ উপহার ও মন্ত্রীর ব্যক্তিগত তহবিলের অর্থ প্রদান উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজ সোমবার পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট্রের আয়োজনে ও জেলা পূজা উদ্যাপন পরিষদের সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি সুরঞ্জিত দাস লিটু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাতি বিমল মন্ডল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গৌতম চৌধুরী, জেলা মহিলা পরিষদের সভানেত্রী মনিকা মন্ডল, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু। সভা পরিচালনা করেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা সহকারী প্রকল্প পরিচালক প্রিয়ংকা সিকদার।
মভায় মন্ত্রী বলেন, বিদ্রোহী কবি নজরুল হামদ, নাত ও শ্যামা সংগীত রচনা করেছেন। আজ পর্যন্ত কোন কবি তাকে অতিক্রম করতে পারেনি। স্বাধীন দেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি বিশ্ব সেরা সংবিধান উপহার দিয়েছিলেন। সেই সংবিধানে সকল মানুষের সমতার কথা উল্লেখ করা হয়েছে। বঙ্গবন্ধু হত্যা পরবর্তী সময়ে স্বাধীনতা বিরোধীদের সাথে মিশে বিএনপি এবং পরবর্তীতে জামায়াত বিএনপি সরকার ধর্মীয় সংখ্যালঘুদের নানাভাবে হেনস্তা করে। মুক্তিযুদ্ধের বিরোধী কুখ্যাত শাহ আজিজ, আব্দুল আলিম, সাকা চৌধুরী মুজাহিদদের মন্ত্রী বানিয়ে শহীদের রক্তের বিনিময়ে অর্জিত জাতীয় পতাকা তাদের গাড়িতে তুলে দেয়। গোলাম আজমসহ রাজাকার আলবদরদের অভয়ারণ্য হয় বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করেছেন, ৭১’র খুনিদের দাম্ভিকতা চুর্ণ করে বাংলাদেশকে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের করে এনেছেন। আমরা সকলে হিন্দু ও মুসলমান স্রষ্টার সান্নিধ্য লাভের চেষ্টা করি।
তিনি বলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট্রের অর্থ ১ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকায় উন্নিত করেছে প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকার। মন্দির ভিত্তিক শিশু শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রম চলছে সারা দেশব্যাপী। এই কার্যক্রমও শুরু করেছে শেখ হাসিনার সরকার। শেখ হাসিনা মনে করে এদেশ সকলের তাই তিনি সেইরূপ ব্যবস্থা নিয়ে থাকেন। দেশ ত্যাগের মানসিকতা পরিত্যাগের জন্য তিনি সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান। আসন্ন শারদীয় দুর্গোৎসব স্বাস্থ্যবিধি মেনে উদ্যাপন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। বক্তব্য শেষে মন্ত্রী জেলার বিভিন্ন মঠ মন্দির সংস্কারের জন্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট্রের ৭ লক্ষ ৭৮ হাজার টাকার চেক মন্দির কমিটির হাতে তুলে দেন। এছাড়া দূর্গা পূজা উপলক্ষে পিরোজপুর সদর উপজেলার ৬৫টি পূজা মন্ডপে মন্ত্রী নিজ তহবিল থেকে অনুদান প্রদান করেন।
মন্ত্রী পরে পিরোজপুর মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা অফিস পরিদর্শন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial